২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদলীয় ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় আ. লীগ: খসরু

আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে পেশীশক্তির মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় ভোটবিহীন একদলীয় ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 09:33 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

সোমবার বিকালে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসায় এক সভায় এ অভিযোগ করে তিনি বলেন, “যে ধারা আওয়ামী লীগ শুরু করেছে, তা চলতে থাকলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রশ্রয় পাবে। তাদের মনে রাখা দরকার, পেশীশক্তি ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বেশিদিন ক্ষমতা ধরে রাখা যায় না।”

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপির সমাবেশ সফল করতে আয়োজিত এই প্রস্তুতি সভার সভাপতি ছিলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বিএনপি ভোটে না থাকায় অর্ধেকের বেশি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ ও বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুই দলই চট্টগ্রামে লালদিঘী ময়দানে সমাবেশের অনুমতি চাইলেও আওয়ামী লীগকে শহীদ মিনার চত্বরে এবং বিএনপিকে নামিসন ভবনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে নগর পুলিশ।

প্রস্তুতি সভায় আমীর খসরু বলেন, “আওয়ামী লীগের অবৈধ সরকার অবৈধ ক্ষমতা দখলে রাখতে একের পর এক ভোট ডাকাতির মহোৎসবে নেমেছে। তারা সম্প্রতি পৌরসভা নির্বাচনে আবারও ভোট ডাকাতির মাধ্যমে ৫ জানুয়ারি ও সিটি করপোরেশন নির্বাচনের পুনরাবৃত্তি ঘটাল।

“দেশের জনগণের কাছে পরিষ্কার, আওয়ামী লীগ চায় না ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করুক।”

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ বক্তব্য রাখেন।