আন্দোলনে নামতে ছাত্রদলের প্রতি আহ্বান
সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে ছাত্রদল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
শুক্রবার নগরীর কাজীর দেউড়িতে দলীয় কার্যালয়ে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শাহাদাত হোসেন বলেন, “দেশে এখন একদলীয় শাসন চলছে। ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মত গত ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনের মাধ্যমে সরকার ভোট কারচুপির সেঞ্চুরি করেছে।”
চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন (ফাইল ছবি)
তিনি আরও বলেন, “সরকারি দলের সকল ‘নিপীড়ন সহ্য করে ছাত্রদল গণতন্ত্র, বাকস্বাধীনতা ও স্বাধীনতা রক্ষায় রাজপথে ছিল। ভবিষ্যতের আন্দোলনে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে মহানগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু।
