নিরাপত্তার শঙ্কায় চট্টগ্রামের ২ কলেজ আরও বন্ধ রাখার দাবি ছাত্রলীগের
চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মুহসীন কলেজ খোলার দুদিন আগে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছে চট্টগ্রাম নগর ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
গত ১৬ ডিসেম্বর ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর ওই দুটি কলেজ বন্ধ ঘোষণা করে শীতকালীন ছুটি শেষে আগামী বছরের ২ জানুয়ারি খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
নির্ধারিত দিনে ক্যাম্পাস খুললে ‘বড় ধরণের অঘটন’ ঘটতে পারে বলে সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে শিবির চট্টগ্রামের এ দুটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে একে জঙ্গিবাদের ঘাঁটিতে পরিণত করেছে।
“শিক্ষক-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে, ছাত্রাবাসগুলো বহিরাগত সন্ত্রাসীদের ঘাঁটিতে পরিণত করে ক্যাম্পাসকে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও উগ্রবাদী বই মজুদের স্থানে পরিণত করা হয়েছে।”
এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চয়তার দিকে নজর দিয়ে কলেজ দুটির পাশাপাশি হোস্টেলগুলোও বন্ধ রাখার দাবি জানান তিনি।
কলেজ দুটির ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, মূল ফটক ছাড়া অন্য ফটকগুলো বন্ধ রাখা, ক্যাম্পাসের ভেতর আবাসিক স্থাপনা না রাখা, ‘শিবিরের তল্পীবাহক’ হোস্টেল সুপার ও মসজিদের ইমামকে অপসারণ, অস্থায়ী ও খণ্ডকালীন কর্মচারীদের অপসারণ এবং ক্যাম্পাসের ভেতর থেকে দোকান অপসারণেরও দাবি জানায় ছাত্রলীগ।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ছাত্রাবাস আর ছাত্রীনিবাসগুলো অনেকদিন ধরেই বহিরাগত সন্ত্রাসী, অস্ত্র ও বিস্ফোরকের ‘আস্তানা’ হওয়ায় সেগুলো বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।
“মুহসীন কলেজের ছাত্রীনিবাসে শিবিরের ক্যাডাররা গত পাঁচ বছর ধরে থাকছে। আর ছাত্রাবাসগুলো এমনিতেই ছাত্রদের কোনো কাজে আসছে না। এইজন্য আমরা সেগুলো বন্ধের দাবি জানিয়েছি।”
তিন দশক ধরে ছাত্র সংসদের নামে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের হিসাব প্রকাশেরও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান রুমী, একরামুল হক রাসেল, আবু মো. আরিফ, মঈনুল হোসেন চৌধুরী ও নাঈম রিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুজন বর্মন, উপ-সম্পাদক দীপঙ্কর সোম ও অভিক দাশগুপ্ত এবং চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের মাহমুদুল করিম, সুভাষ মল্লিক ও আকলিমা আক্তার।
