ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
বুধবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি উপজেলার ধুরং এলাকার এস এন মার্কেট এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং এর ওমদা মিয়ার ছেলে জহুরুল ইসলাম (৫০) এবং যাত্রী আবদুল গণি (৬০)।
ফটিকছড়ি থানার এসআই সৈয়দ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাগড়াছড়িমুখী ট্রাক ও ফটিকছড়ির বিবিরহাটমুখী অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
পরে আহত অটোরিকশার যাত্রী গণিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
আহত অটোরিকশার যাত্রী আলাউদ্দিনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
