রাঙ্গুনিয়ায় ব্যালট বাক্স ছিনতাই, কাউন্সিলর প্রার্থীর কারাদণ্ড
ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টার দায়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক কাউন্সিলর প্রার্থীকে দুবছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম মজুমদার জানান, বুধবার দুপুরে রাঙ্গুনিয়ার ৬ নম্বর ওয়ার্ডে মজুমদারখিল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হারুণ হাতেনাতে ধরা পড়েন।
বিচারিক হাকিম মো. নিশাদুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হারুণকে দুই বছরের কারাদণ্ড দেন।
স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে কাউন্সিলরপ্রার্থী হারুণ ও তার প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান খানের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় হারুণ একটি ব্যালট বাক্স নিয়ে পালানোর চেষ্টা করেন।
তখনই তাকে পুলিশ স্থানীয়দের সহায়তায় ধরে ফেলে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দেয়।
