সীতাকুণ্ডে হামলার অভিযোগ বিএনপি প্রার্থীর, চন্দনাইশে কেন্দ্র বাতিল
আগে থেকে জোর করে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তির অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
চট্টগ্রামের ১০ পৌরসভার বেশিরভাগ এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হলেও সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী তার ওপর হামলার অভিযোগ এনেছেন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে হওয়া নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র বাইরে এলডিপি’র প্রার্থীরাও চট্টগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সকালে পটিয়ার আল্লাই ওখারা ফোরকানিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, “প্রকাশ্যে সিল মেরে বাক্স ব্যালট ভরার কারণে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের নির্দেশে দুটি কেন্দ্র বন্ধ করে দিয়েছেন।”
কেন্দ্র দুটি হল-আফলাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা ও গাছবাড়িয়া এ এন হেজ উচ্চ বিদ্যালয়। দুটি কেন্দ্রে প্রায় ৯০০ ব্যালটে সিল মারা হয়েছিল বলে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন।
পরে একই কারণে উত্তর গাছবাড়িয়া বদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট কেন্দ্রও স্থগিত করা হয় বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল লতিফ জানান।
চন্দনাইশের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সনজিদা শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন্দ্র দুটিতে ভোট নেওয়া হচ্ছে না।”
এছাড়া চন্দনাইশের বাকি কেন্দ্রগুলোতে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলে জানান তিনি।
তবে সীতাকুণ্ড পৌরসভায় বিএনপির প্রার্থী সৈয়দ আবুল মনসুর অভিযোগ করেছেন, সকাল সাড়ে ৮টার দিকে তিনি পন্থিছিলা হাই স্কুল কেন্দ্রে গেলে আওয়ামী লীগের প্রার্থী বদিউল আলমের সমর্থকরা তার ওপর হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে।
এ ঘটনা পুলিশ প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
তবে এ বিষয়ে থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রামের রাউজান পৌরসভার রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্র থেকে আমাদের প্রতিবেদক উত্তম সেনগুপ্ত জানান, সকাল সাড়ে ৮টার দিকে ওই কলেজের একটি কেন্দ্রে ছয়জনের মতো ভোটার দেখা যায়।
এই কলেজে দুটি কেন্দ্রের মোট ১৩টি বুথে ভোট গ্রহণ হচ্ছে, মোট ভোটার চার হাজার ৫৪৬ জন।
এ কেন্দ্রের একটির প্রিজাইডিং অফিসার শামীম হোসেন জানান, কোনো কাউন্সিলর প্রার্থী না থাকায় শুধু মেয়র প্রাথীর ভোট হচ্ছে।
অবশ্য ভোট শুরুর পর থেকেই পটিয়ার বিভিন্ন কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন আমাদের প্রতিবেদক মিঠুন চৌধুরী। সেসব কেন্দ্রে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রাথীর এজেন্টরাও ছিলেন।
পটিয়ার রাহাত আলী স্কুল কেন্দ্রের একটি বুথের সহকারী প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম জানান, ৩ নম্বর বুথে চারশর মতো ভোটের মধ্যে সকাল সাড়ে আটটার মধ্যে ১৫ জনের ভোট পড়েছে। তখনও লাইনে আরও জনা বিশেক ভোটারকে দাঁড়ানো দেখা গেছে।
এছাড়া পটিয়ার আল্লাই ওখারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে ভালো।
চট্টগ্রামের মিরসরাইয়েও শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলে খবর পাওয়া গেছে। প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে বিজিবি ও র্যাবের কড়া পাহারা রয়েছে।
চট্টগ্রামে এদিন সন্দ্বীপ, মিরসরাই, বারৈয়ার হাট, সীতাকুণ্ড, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী ও সাতকানিয়া পৌরসভায় ভোট হচ্ছে।
এই দশ পৌরসভার প্রতিটিতেই মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টিতে বিএনপির ধানের শীষের প্রার্থী থাকলেও চন্দনাইশে মেয়র প্রার্থী হয়েছেন বিএনপি’র জোটসঙ্গী এলডিপি থেকে।
