২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম প্রেস ক্লাবে ওয়াইফাই

চট্টগ্রাম প্রেস ক্লাবে বিনামূল্যে তারবিহীন ইন্টারনেট সেবা ওয়াইফাই চালু করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 08:09 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার এ সেবার উদ্বোধন করেন।

এখন থেকে ক্লাবের সদস্যরা প্রেস ক্লাবে সম্পূর্ণ বিনামূল্যে ওয়াইফাই সেবা উপভোগ করতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

উদ্বোধনীতে ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী ছাড়াও গ্রামীণ ফোনের চট্টগ্রাম সার্কেল প্রধান এম শাওন আজাদ উপস্থিত ছিলেন।

এ সময় গ্রামীণ ফোন কর্মকর্তা এম শাওন আজাদ বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে গ্রামীণ ফোন তাদের সব অংশীদারের সঙ্গে কাজ করছে। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই সেবা দেওয়া এ কার্যক্রমের অংশ।

'সবার জন্য ইন্টারনেট’ কমূসূচির অধীনে চট্টগ্রামে প্রেস ক্লাব ছাড়াও চট্টগ্রাম ক্লাব ও চট্টগ্রাম বোট ক্লাবেও ওয়াইফাই জোন চালু করা হয়েছে।

আইএসপি সেবাদাতা প্রতিষ্ঠান ‘আমরা নেটওয়ার্ক’ গ্রামীণ ফোনের এ উদ্যোগে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।

গ্রামীণের এই কর্মসূচির প্রশংসা করে এর মাধ্যমে চট্টগ্রামের সাংবাদিকের পেশাদারী মানের অগ্রগতি হবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার।