২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় লড়াইয়ে ফিরলেন বিএনপির রফিকুল

সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পরদিনই নির্বাচনে থাকার ঘোষণা দিলেন সাতকানিয়া পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী রফিকুল আলম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 04:38 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

সোমবার দুপুরে নগরীর চকবাজারে বিএনপির চট্টগ্রাম জেলা নির্বাচনী মনিটরিং সেলের সমন্বয়ক মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

রোববার দুপুরে নগরীর প্রবর্তক মোড়ে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘আরএফএল প্রপার্টিজ’ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন রফিকুল।

মামলা, হয়রানি থেকে ‘রেহাই’ পেতে এবং নেতা-কর্মীদের রক্ষা করতে তিনি নির্বাচনী লড়াইয়ে থাকছেন না বলে জানিয়েছিলেন। 

এর পরপরই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন দাবি করেন, রফিকুলকে ধরে নিয়ে ওই ঘোষণা দিতে বাধ্য করা হয়।

সোমবার সংবাদ সম্মেলনে মহিউদ্দিনের মতো রফিকুলও বলেন, “আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে বাধ্য করা হয়। অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখানো হয়।”

সরকার ‘তাদের ক্যাডারদের’ দিয়ে ভয়-ভীতি দেখাচ্ছে এবং ‘মিথ্যা মামলা’ দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “এখন মামলা দিয়ে গ্রেপ্তার করা হলেও নির্বাচনে থাকব। এলাকার ৯০ ভাগ মানুষ ভোটকেন্দ্রে যাবে। সব হুমকির জবাব দেবে ব্যালটে।”

এ সময় উপস্থিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাছির বলেন, “নির্বাচনে আমাদের প্রার্থীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। এটা তারই প্রমাণ। তাকে মিথ্যা ঘোষণা দিতে বাধ্য করা হয়। তিনি আমাদের সঙ্গে আছেন। ধানের শীষের প্রার্থীই থাকবেন।”

৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভার সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায়ও ভোট হবে।

জামায়াতে ইসলামীর ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত সাতকানিয়া পৌরসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুলের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোহাম্মদ জোবায়ের। জাতীয় পার্টির মেয়র প্রার্থী হলেন মো. ইউসুফ। 

রোববার আরএফএল প্রপার্টিজের কার্যালয়ের সংবাদ সম্মেলনে রফিকুল আলমের সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির এমডি কামরুল হাসান বাচ্চু এবং রফিকুলের বন্ধু আশিকুর রহমান পিন্টু।

পুরনো খবর:

মামলা থেকে ‘বাঁচতে’ সরে দাঁড়ালেন বিএনপির মেয়র প্রার্থী