লক্ষ্মীপুরে ২ জাহাজশ্রমিক অপহরণের অভিযোগ
চট্টগ্রামভিত্তিক মালবাহী একটি লাইটারেজের দুই শ্রমিককে লক্ষ্মীপুর থেকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে রামগতি উপজেলার টাংকির বাজার এলাকা থেকে তাদের অপহরণ করা হয় বলে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসাইন জানিয়েছেন।
এরা হলেন- এমভি বিউটি অব ভাগ্যকুল লাইটারেজের মাস্টার মো. কামরুল ইসলাম ও সুকানি জসিম উদ্দিন।
শাহাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিমেন্টের অ্যাশ নিয়ে খুলনা থেকে চট্টগ্রাম আসার পথে তাদের অপহরণ করা হয়। পরে কামরুলের মোবাইল থেকে কল করে তার পরিবারের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।”
প্রায় একই সময়ে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে লক্ষ্মীপুরে যাত্রাবিরতিতে থাকা ‘এমভি নির্ঝর-১’ নামে একটি লাইটারেজে ডাকাতি হয় বলেও অভিযোগ করেন তিনি।
রামগতি থানার ওসি ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে কামরুল ও জসিমকে অপহরণের অভিযোগে একটি মামলা করেছেন রফিকুল ইসলাম।
তাৎক্ষণিকভাবে অপহৃতদের সঙ্গে বাদী রফিকুলের সম্পর্ক জানা যায়নি।
লাইটারেজ শ্রমিকনেতা শাহাদাত বলেন, “দুই শ্রমিকের সন্ধানের জন্য আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের কাছ থেকে তারা আগামীকাল (শনিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় নিয়েছে।”
এই সময়ের মধ্যে দুজনের সন্ধান পাওয়া না গেলে লাগাতার কর্মবিরতি পালন করা হবে বলে জানান তিনি।
