২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-ই মিলাদুন্নবীতে চট্টগ্রামে শোভাযাত্রা

সম্প্রীতির চেতনা ধারণের আহ্বান জানিয়ে ঈদ-ই মিলাদুন্নবীতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 05:31 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

প্রতিবছরের মতো এবারও আরবি মাসের ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মবার্ষিকীতে চট্টগ্রামে এ শোভাযাত্রা আয়োজন করে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।

সকালে নগরীর ষোলশহর আলমগীর খানকায়ে শরীফ থেকে শুরু হওয়া চট্টগ্রামে ঈদ-ই মিলাদুন্নবীর এই জুলুসে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পাকিস্তান থেকে আসা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ ও তার ছেলে হামেদ শাহের নেতৃত্বে শোভাযাত্রায় সত্যিকারের ইসলাম ধর্মের শিক্ষা ধারণের আহ্বান জানানো হয়।

এর আগে ভোর থেকেই চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলা হতে সকাল থেকেই বাস, ট্রাক, মিনিট্রাকে করে জুলুসে অংশ নিতে ষোলশহরে হাজির হন অসংখ্য মানুষ।

হাতে কালেমা লেখা ও জাতীয় পতাকা, মাথায় ‍সুন্নিয়তের পাগড়ি নিয়ে জুলুসে অংশ নেয় কিশোর-তরুণসহ বিভিন্ন বয়সী মানুষ। জুলুসে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল রাসুলের (সা.) সানে নাতে রাসুল।

জসনে জুলুসের বহরটি নগরীর মুরাদপুর হয়ে পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, চন্দনপুরা, সিরাজদৌল্লাহ রোড, আন্দরকিল্লা, জামালখান হয়ে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে গিয়ে শেষ হয়।

ওই মাঠে জুমার নামাজ পড়ার পর সমবেতদের উদ্দেশে বক্তব্য রাখেন হামেদ শাহ।

সমাবেশে তিনি বলেন, “বিশ্বব্যাপী ইসলামের নামে যে নৈরাজ্য ও অরাজকতা ছড়ানো হচ্ছে তার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই।

“ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম মানুষকে যুগে যুগে উদারতার শিক্ষা দিয়ে এসেছে।”

হামেদ শাহ আরও বলেন, “ঈদ-ই মিলাদুন্নবীর এই দিনে ইসলাম যে মানবতার কথা বলে, সম্প্রীতির কথা বলে সেই চেতনা আমাদের ধারণ করতে হবে।”

সমাবেশ শেষে আল্লামা তাহের শাহ বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডল, রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সূফি মিজানুর রহমান।