কর্ণফুলীর ঘাটে অগ্নিকাণ্ডে মাঝির মৃত্যু
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার ব্রিজঘাটা এলাকায় আগুনে পুড়ে এক নৌকার মাঝি মারা গেছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে আবু জাকের (২০) নামের ওই যুবক মারা যান।
তার বিস্তারিত পরিচয় পুলিশ জানাতে পারেনি।
কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাকের কর্ণফুলী নদীতে সাম্পান চালান। রাতে তিনি ব্রিজঘাটা এলাকায় একটি পিঠার দোকানে ঘুমিয়েছিলেন।
“ওই দোকানে শর্ট সার্কিট বা চুলা থেকে আগুন লেগে থাকতে পারে। সকালে আমরা গিয়ে লাশ উদ্ধার করেছি।”
ওসি রফিকুল ইসলাম বলেন, আগুনে দোকানে থাকা আরও একজন আহত হয়েছে বলে শুনেছি।
তবে আহত ব্যক্তির বিষয়ে কোনো তথ্যই জানাতে পারেননি তিনি।
