মন্দিরে হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে ইসকন
দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ইসকনের নেতারা।
সম্মেলনে ইসকন’র কেন্দ্রীয় সভাপতি সত্যরঞ্জন বাড়ৈর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংঘের চট্টগ্রাম সভাপতি গদাধর গোস্বামী।
গদাধর গোস্বামী বলেন, "এদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দিনাজপুর, রংপুর ও সিলেটে ইসকন মন্দিরে হামলার ঘটনা ঘটানো হচ্ছে। এসব হামলার পেছনে উগ্র মতাবলম্বী জেএমবি জড়িত বলে আমাদের ধারণা।
“পৃথিবীর ৪০টি দেশে ইসকনের কর্মকাণ্ড রয়েছে। তাই এসব হামলার ঘটনা ঘটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।”
এসব উগ্রপন্থিদের কাছ থেকে ইসকন, চার্চের পাদ্রি ছাড়াও মসজিদও রেহাই পাচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, অবিলম্বে এ অসাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী অপরাধীদের গ্রেপ্তার করে এসব অন্তর্ঘাতমূলক তৎপরতা সরকারকে বন্ধ করতে হবে।
যুদ্ধপরাধীদের বিচার বানচাল করা ও সরকারকে অস্থিতিশীল করার অংশ হিসেবে এসব ঘটনা ঘটানো হচ্ছে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সম্মেলনে ইসকন চট্টগ্রামের সাধারণ সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাশ, হিন্দু ফাউন্ডেশনের মহাসচিব দীলিপ মজুমদার, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি বিদ্যালাল শীল উপস্থিত ছিলেন।
গত ৩০ নভেম্বর দিনাজপুরের রানীর বন্দরে ইসকনের জেলা শাখার সহ-সভাপতি বীরেন্দ্রনাথ রায়কে গুলি করে হত্যার চেষ্টা করা হয়।
এছাড়া ৪ ডিসেম্বর রাতে কান্তজিউ মন্দিরে রাসমেলা উপলক্ষ্যে আয়োজিত যাত্রাপালায় বোমা হামলা এবং ১০ ডিসেম্বর রাতে ইসকনের কাহারোল উপজেলার জয়ানন্দ মন্দিরে হামলার ঘটনা ঘটে।
