২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নাশকতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের বায়েজিদ থানা ছাত্রদলের সহসভাপতি আবদুর রশিদ ইপু।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 07:26 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন শের শাহ কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

দশম সংসদ নির্বাচনের পরদিন চট্টগ্রাম পলিটেকনিক এলাকায় দুর্বৃত্তের ছোড়া পেট্রোলবোমায় লেগুনাচালক নিহত হওয়ার মামলায় ইপু অভিযোগপত্রভুক্ত আসামি বলে জানান বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদলের এই নেতার বিরুদ্ধে বায়েজিদ থানায় নাশকতা, হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ইপু বায়েজিদের শেরশাহ কলোনি এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।

২০১৪ সালের ৬ জানুয়ারি পলিটেকনিক এলাকায় ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে ছুড়ে মারা পেট্রোল বোমায় দগ্ধ হন লেগুনাচালক মো. মিতুল (২৪)।

৯০ শতাংশ দগ্ধ মিতুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর মারা যান।