২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদের উত্থানে সংকট দেখা দিতে পারে: আনিসুজ্জামান

বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থানে সংকট তৈরি হতে পারে বলে মনে করেন অধ্যাপক আনিসুজ্জামান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 11:41 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত ‘আমরা কি এক সংকটের মুখোমুখি?’ শিরোনামে অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মারক বক্তৃতায় একথা বলেন তিনি।

আনিসুজ্জামান বলেন, “সংবিধানের পঞ্চম সংশোধনী অসাংবিধানিক ঘোষিত হওয়ার পরে তা আবার সংশোধিত হয়েছে। তাতে আদি সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলো ফিরে এসেছে, তবে রাষ্ট্রধর্মের বিধান রয়ে গেছে। ধর্মনিরপেক্ষতার নীতি আর রাষ্ট্রধর্মের বিধান কিভাবে সহাবস্থান করে?”

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বর্তমানে যে রূপ ধারণ করেছে তাতে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য তা নতুন কী সংকট তৈরি করতে যাচ্ছে তা ভাবনার বিষয় বলে মন্তব্য করেন অধ্যাপক আনিসুজ্জামান।

তিনি বলেন, জন্মলগ্নে বাংলাদেশকে অনেকে ‘বাস্কেট কেইস’ আখ্যায়িত করলেও বর্তমানে শিক্ষা, জীবিকাসহ সামাজিক সূচকে অনকে দূর এগিয়েছে বলে স্বীকার করেন।

“দেরিতে হলেও মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচার এবং অপরাধীর শাস্তি দেওয়া সম্ভব হয়েছে তা কৃতিত্বের বিষয়।”

স্বাধীনতার পর দেশের ব্যর্থতার হিসাব তুলে ধরে অধ্যাপক আনিসুজ্জামান বলেন,  দেশকে কয়েকবার বেশ কিছু সংকটের মুখোমুখি হতে হয়েছে।

“এর মধ্যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং জাতীয় চার নেতাকে হত্যা, দু-দুবার সামরিক শাসনের সুবাদে রাষ্ট্রপরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাদ যাওয়াসহ রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন, সামাজিক ক্ষেত্রে সাম্প্রদায়িকতা, ফতোয়াবাদ, মুক্তমনাদের হত্যা, জঙ্গিবাদের উত্থান অন্যতম।” 

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টার আহ্বান জানিয়ে প্রবীণ এই অধ্যাপক বলেন, “সাম্প্রদায়িক গোষ্ঠী যে দেশ চায় সে দেশ বাংলাদেশ নয়। একাত্তরে দেশের যে ভাবমূর্তি আমাদের মনে জায়গা করে নিয়েছিল তার সঙ্গে তাদের চিন্তার কোনো মিল নেই। তাদের কাঙ্ক্ষিত দেশ হয়তো বাংলাদেশের সীমানার বাইরে গেলে পাওয়া যাবে।”

দৈনিক আজাদীর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ সম্পর্কে তিনি বলেন, দেশের সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য হিসেবে মোহাম্মদ খালেদ ছিলেন ‘তীক্ষè দৃষ্টিভঙ্গির অধিকারী’। মুক্তিযুদ্ধের সময় এবং তারপরে সংবিধান প্রণয়নের সময় তার সান্নিধ্য পেয়েছেন তিনি।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কবি ও সাংবাদিক আবুল মোমেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, অধ্যাপক মোহাম্মদ খালেদের ছেলে মোহাম্মদ জহির বক্তব্য রাখেন।