২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নারীকে বাদ দিয়ে কাঙ্ক্ষিত অগ্রযাত্রা হবে না’

জনগোষ্ঠীর অর্ধেক নারীদের বাদ দিয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের চন্দনাইশ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 09:50 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

সোমবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত ‘চেঞ্জমেকার’ সম্মেলনের বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম চৌধুরী বলেন, "সমাজের অর্ধেক নারী। এদের অবহেলা কিংবা অবজ্ঞা করে দেশ কিংবা সমাজের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। নারীর প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মান যদি না থাকে তাহলে সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।

অতীতে দেশে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের মাত্রা বেশি হলেও গত ১০ বছরে সে অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে বলে মনে করেন এই সাংসদ।

তিনি বলেন, "প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন কিংবা নারী মুক্তির জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তার কারণে এদেশের অনেক গুরুত্বপূর্ণ অবস্থানে এখন নারীরা নেতৃত্ব দিচ্ছেন।”

এর আগে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপিএসে’র নির্বাহী পরিচালক রোকেয়া কবির।

রোকেয়া কবির তার বক্তব্যে বলেন, "শিক্ষা, বিচারব্যবস্থা, কর্মক্ষেত্র ও নির্বাচন সবক্ষেত্রে পুরুষের মত নারীকেও সমানভাবে বিবেচনা করতে হবে। তা না হলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে।

“রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের মধ্যে পরিবর্তন আনা গেলে সমাজেরও পরিবর্তন আনা সম্ভব হবে। পাশাপাশি শুধু নারীর ওপর দায়িত্ব না চাপিয়ে পুরুষদেরও দায়িত্ব নিতে হবে।”

গ্রামীণ জনগোষ্ঠীতে এখনও অনেক নারী অবহেলার শিকার বলে সম্মেলনে মন্তব্য করেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য।

নারী উন্নয়ন ও নারী নির্যাতন প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অব্স্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান এই পুলিশ কমিশনার।

নারী নির্যাতন প্রতিরোধে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষদের নিয়ে চেঞ্জমেকার ইউনিট গঠন করে বিএনপিএস। সম্মেলনে চট্টগ্রাম মহানগরসহ পটিয়া ও আনোয়ারা উপজেলা ইউনিটের মোট ১৮০ জন চেঞ্জমেকার অংশ নেন।

নারী নেত্রী পাপড়ী বসুর সভাপতিত্বে সম্মেলনে কবি কামরুল হাসান বাদল, চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, আনজুমান আর বেগম, আবিদা আজাদ ও নীলু নাগ, সাংস্কৃতিক সংগঠক রাশেদ হাসান ও সুনীল ধর বক্তব্য রাখেন।

এছাড়া পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ উপস্থিত ছিলেন।

সম্মেলনে জাতীয় সঙ্গীত ও গণসঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।