চট্টগ্রামে মা-মেয়ের লাশ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে এক নারী ও তার এক বছর বয়সী মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের 'বিষপানে' মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহতরা হলেন- উপজেলার ভুজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ভিলেজার পাড়া এলাকার রূপক ত্রিপুরার স্ত্রী কানুবালা ত্রিপুরা (৩০) ও মেয়ে নূপুর রাণী ত্রিপুরা (১)।
ভুজপুর থানার এসআই মো. হাবিবুর রহমান জানান, সোমবার দুপুরে হারুয়ালছড়ি ইউনিয়নের ভিলেজার পাড়া থেকে তাদের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, 'রোববার সন্ধ্যায় কানুবালার সঙ্গে স্বামী রূপকের ঝগড়া হয়। এসময় রূপক বেত দিয়ে তার পিটে আঘাত করে।
"বেত্রাঘাতের অভিমানে রাতে কানুবাল বিষপান করে আত্মহত্যা করে এবং মায়ের দুধপান করে শিশু নূপুরও মারা যায় বলে ধারণা করা হচ্ছে।
কানুবালার পিটে বেত দিয়ে আঘাতের একটি হাল্কা দাগ দেখা গেছে জানিয়ে এসআই হাবিব বলেন, এ ঘটনার পর থেকে রূপক পলাতক রয়েছে।
