২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের কাঁচাবাজারেও বসল সিসিটিভি

চট্টগ্রামে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও একটি মাজারের পর এবার নগরীর একটি কাঁচাবাজারেও ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 08:03 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

শনিবার বিকালে নগরীর বহদ্দারহাট কাঁচা বাজারে মেয়র আ জ ম নাছির উদ্দিন সিসিটিভি বসানোর এই কার্যক্রমের উদ্বোধন করেন বলে সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, কাঁচা বাজারটির ইজারাদার কমিটি ‘নিরাপত্তার স্বার্থে’ ১৫টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করেছে।

নগরীর সার্বিক নিরাপত্তা এবং জঙ্গি ও সন্ত্রাসীদের অশুভ তৎপরতা নির্মূলে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উদ্বোধনীতে আশা প্রকাশ করেন সিটি মেয়র নাছির।

তিনি বলেন, “প্রতিটিব্যবসা কেন্দ্র, আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলোতে স্ব উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব হবে। ইতোমধ্যে নগরীতে অপরাধ প্রবণতা কমেছে।”

মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদসহ এসময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন।

গত ১১ ডিসেম্বর নগরীর শাহ আমানত মাজারে বসানো আটটি সিসি ক্যামেরা উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার আব্দুল জলিল মণ্ডল। এছাড়া ৩ নভেম্বর নগরীর বাকলিয়া থানার সুবর্ণ আবাসিক এলাকায় ক্যামেরা বসানোর কাজ শুরু হয়।

এর আগে গত বছরের ৩০ জুন নগরীর ১৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫৬টি সিসি ক্যামেরা বসায় নগর পুলিশ। পরে এই সংখ্যা বাড়িয়ে ২৩টি পয়েন্টে ১৫০টি ক্যামেরা বসানো হয়।