চট্টগ্রামে সবজিবাজারে ‘শীতের স্বস্তি’
চট্টগ্রামের কাঁচাবাজারে শীতের সবজির সরবররাহে পণ্যের দামে স্বস্তি বিরাজ করছে।
গত কয়েক সপ্তাহে কয়েক ধাপে দাম কমে এখন বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিতে ২০ থেকে ৩০ টাকায়।
শুক্রবার নগরীর কাঁচা পণ্যের বৃহত্তম পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
গত সপ্তাহে ৮০ টাকায় বিক্রি হওয়া টমেটো শুক্রবার বিক্রেতাদের ৩০ টাকায় বিক্রি করতে দেখা যায়।
৪০ টাকায় বিক্রি হওয়া শিম ৩০ টাকায় সপ্তাহে বিক্রি করতে দেখা যায়।
বাঁধাকপি গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩০ টাকায়, শুক্রবার তা ১০ টাকা কমে বিক্রি হয় ২০ টাকায়।
মুলার দাম কেজিতে পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫ টাকায়।
দাম কমার প্রতিযোগিতায় যুক্ত হয়েছে কাঁচা মরিচও। গত সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ শুক্রবার বিক্রি হচ্ছিল ৩৫ থেকে ৪০ টাকায়।
পেঁপে, শসা ও চিচিঙ্গার দামও কমেছে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা। এ সপ্তাহে এ তিন সবজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
তবে ফুলকপির সরবরাহ কিছুটা কমায় কেজিতে ১০ টাকা বেড়েছে এ সবজির দাম।
ব্যবসায়ীরা বলছেন, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমেছে।
গত সপ্তাহে ৩০ টাকায় বিক্রি হওয়া ফুলকপি শুক্রবার বিক্রি হচ্ছিল ৪০ টাকায়।
স্বস্তির পরশ রয়েছে মাছের দামেও। রুই মাছ বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই; ২০০ টাকায় কেজিতে মিলছে রুই।
সমুদ্রের লাল পোপা মাছও বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। সমুদ্রের টাইগার চিংড়ি বিক্রি হচ্ছে বরাবরের মতোই ৩৫০ টাকায়। তেলাপিয়া মাছও রয়েছে আগের দামে। প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকায়।
দামে স্থিতিশীল রয়েছে ব্রয়লার মুরগি ও গরুর মাংস। ব্রয়লার মুরগি ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি মুরগি পাওয়া যাচ্ছে ৩৫০ টাকায়।
হাড় ছাড়া গরুর মাংস ৪৮০ টাকা ও হাড়সহ বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়।
