আসামি ছিনতাইচেষ্টা: গুলিতে শিবিরকর্মী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতার মামলায় গ্রেপ্তার শিবিরকর্মীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় ‘ধস্তাধস্তিতে’ গুলিবিদ্ধ হয়ে ওই আসামির মৃত্যু হয়েছে।
নিহত ওসমানের (২৩) বিরুদ্ধে নাশকতা ছাড়াও পুলিশের ওপর হামলাসহ মোট ১৭টি মামলা ও চারটিতে পরোয়ানা রয়েছে বলে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সীতাকুণ্ডের দক্ষিণ রহমতপুরে ওসমানকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে।
“এসময় গ্রেপ্তার করতে যাওয়া এক পুলিশ সদস্যের শটগানের গুলি বেরিয়ে যায়।”
পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
