২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুজপুরে আ. লীগের মিছিলে হামলা মামলায় ফের তদন্তের নির্দেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে হামলা চালিয়ে তিন নেতাকর্মীকে হত্যার ঘটনায় করা একটি হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেনি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 01:43 AM

Updated : 22 Aug 2022, 02:14 PM

চট্টগ্রামের বিচারিক হাকিম আবু ইউসুফ রোববার বাদীর নারাজি আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রাম জেলা আদালতের পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতে বলেছি মামলাটির যথাযথ তদন্ত হয়নি। ঘটনাস্থলে উপস্থিত সরকারি কর্মকর্তা ও আহতসহ যাদের সাক্ষী করা উচিত তাদের সাক্ষী করা হয়নি।

“ঠিকভাবে আলামতও সংগ্রহ করা হয়নি। আদালত বাদীর নারাজি আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন।”

সিআইডির এএসপি পদমর্যাদার কাউকে মামলাটির অধিকতর তদন্ত করতে নির্দেশ দিয়েছে আদালত।

২০১৩ সালের ১১ এপ্রিল ওই হামলায় তিনজন নিহতের ঘটনায় হওয়া পৃথক তিনটি হত্যা মামলায় গত বছরের ১১ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় ভুজপুর থানা পুলিশ।

এরমধ্যে উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিহত ফারুক ইকবাল বিপুল হত্যা মামলার বাদী তার ভাগ্নে জিয়াউল হক জিয়া গত বছরের ১১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র বিষয়ে নারাজি আবেদন করেন।

এর প্রায় ১৫ মাস পর চলতি মাসের ৩ ডিসেম্বর নারাজি আবেদনের ওপর শুনানি হয়। রোববার এ বিষয়ে আদেশ দেয় আদালত।