ভেজাল ওষুধ তৈরি: চট্টগ্রামে চিকিৎসক দম্পতিসহ আটক ৫
অনুমোদনহীন কারখানায় ভেজাল ওষুধ তৈরির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) দুই চিকিৎসকসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর পাহাড়তলি থানার উত্তর কাট্টলী মুন্সিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- চিকিৎসক দম্পতি ডা. এ এইচ এন নজিরুল হক (৪৫) ও জান্নাতুল মাওয়া (৩৫) এবং কারখানার পরিচালক আবদুল জলিল (৪৫), কর্মচারী আল আমিন (২২) ও রুহুল আমিন (১৮)।
এর মধ্যে নজিরুল হক সিসিসির টিকাদান কর্মসূচির উত্তর কাট্টলী এলাকার জোনাল অফিসার এবং জান্নাতুল মাওয়া সিসিসি পরিচালিত উত্তর কাট্টলী মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালের চিকিৎসক। আর আল আমিন ও রুহুল আমিন দুই ভাই।
পাহাড়তলি থানার ওসি রণজিত কুমার বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লেক্সিকন ফার্মাসিউটিকেলস কারখানা নাম দিয়ে একটি ঘরে তারা ভেজাল ওষুধ বানাচ্ছিল।
“ওই ঘর থেকে দুই লাখ টাকার ওষুধ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানটি ওষুধ প্রশাসনের এবং ব্যবসা পরিচালনার জন্য যে সনদ দেখিয়েছে তা জাল ছিল।”
তিন মাস আগে চালু হওয়া ওই কারখানার ১১ জন পরিচালক রয়েছে।
প্রতিষ্ঠানের অন্য পরিচালকদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি রণজিত।
