২০৪১ এর মধ্যে দ. এশিয়ায় সেরা হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে (বিএমএ) রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধানমন্ত্রী বলেন, "ইতোমধ্যে বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে।
"মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা বাঙালি জাতি নি¤œ মধ্য আয়ের দেশ হিসেবে পড়ে থাকবে না। ২০৪১ সালের মধ্যে আমরা দক্ষিণ এশিয়ায় সমৃদ্ধ ও সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা পাব। "
সারা বিশ্বে বর্তমান বাংলাদেশকে 'উন্নয়নের রোল মডেল' মন্তব্য করে তিনি বলেন, "এখন আমাদের অর্থনীতি সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়েছে। মানুষের জীবন মান উন্নত হয়েছে।
"মাথাপিছু আয় এক হাজার ৩১৪ মার্কিন ডলার। পাঁচ কোটি মানুষ মধ্য আয়ের স্তরে উন্নীত হয়েছে।"
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশকে 'প্রতিশ্রুতিশীল দেশ' বলে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী।
"জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে আমাদের দেশ বিশ্বশান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। আমাদের সেনাবাহিনী তাদের দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বের জন্য সব মহলে প্রশংসা অর্জন করেছে।"
সেনা সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, "এ সুনাম অক্ষুণœ রেখে সেনাবাহিনীকে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যেতে হবে। বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ শান্তি আর সমৃদ্ধির প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে জানবে।"
ভাটিয়ারি বিএমএ'তে ৭৩ তম দীর্ঘমেয়াদী কোর্স ও ৪৪তম স্পেশাল কোর্সের ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন এবং মার্চপাস্টের সালাম গ্রহণ করেন।
জানুয়ারি থেকে চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে স্নাতক ও ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চালু করা হয়েছে জানিয়ে সেনাবাহিনীর উন্নত প্রশিক্ষণ ও উচ্চশিক্ষায় এ উদ্যোগ যুগান্তকারী ভূমিকা রাখবে বলে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
আধুনিক সুযোগ সম্বলিত এই একাডেমি প্রশিক্ষণ ও প্রশাসনিক কর্মকাণ্ডে গতি এনেছে মন্তব্য করে তিনি বলেন, "আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে, সেনাবাহিনীকে অত্যাধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। মিলিটারি একাডেমিকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিতে পরিণত করা হয়েছে।"
'সেনাবাহিনী দেশের সুখ-দুঃখ ও হাসি-কান্নার সমান অংশীদার' মন্তব্য করে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও জাতীয় উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সশস্ত্র বাহিনীর তাৎপর্যপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ মাতৃকার সেবায় সেনা সদস্যরা ব্রতী হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
কুচকাওয়াজে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, বিএমএ কমান্ড্যান্ট মেজর জেনারেল জাহাঙ্গীর কবীর তালুকদার, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
এ কুচকাওয়াজের মাধ্যমে একজন করে নেপালি ও শ্রীলঙ্কানসহ ১৯৪ জন ক্যাডেট কমিশন লাভ করেন।
ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মো. আহসান উল্লাহকে ৭৩ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে 'সেরা চৌকষ ক্যাডেট' হিসেবে ‘সোর্ড অব অনার’ প্রদান করেন প্রধানমন্ত্রী।
এছাড়া সামরিক বিষয়ে কৃতিত্বের জন্য কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার মো. রুহানী রাব্বী হামজা ‘সেনা প্রধানের স্বর্ণপদক’ লাভ করেন।
