সীতাকুণ্ডে ভারতীয়দের গাড়িতে হামলা, আহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কয়েকজন ভারতীয় নাগরিককে বহনকারী একটি মাইক্রোবাসে হামলা ও লুটপাট হয়েছে; যাতে দুইজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার রাত ১২টার দিকে সীতাকুণ্ড-নুনাইছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলছেন, এটি ডাকাতির ঘটনা। আটকদের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
আহতরা হলেন- ভূবনজিৎ সিং ও মূলচাঁদ সিং। রাতেই মিরসরাই থানা পুলিশের সহায়তায় তাদের হাসপাতালে পাঠানো হয়।
ওসি ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতরা মাইক্রোবাসের ওই দুই যাত্রীকে মারধর করেছে। ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন লুটে নিয়ে গেছে তারা।”
পুলিশ জানায়, শিখ সম্প্রদায়ের নয়জন ভারতীয় চট্টগ্রামের সীতাকুণ্ডে এসেছিলেন। রাতেই তাদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় মাইক্রোবাস চালক অসীম কুমার মালাকার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা করেছেন।
চালকের বরাত দিয়ে ওসি জানান, “রাতে সীতাকুণ্ড-নুনাইছড়া এলাকায় মাইক্রোবাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মেরামতের জন্য থামানো হয়। এ সময় একদল সশস্ত্র ডাকাত হানা দিয়ে দুজনকে মারধর করে এবং লুটপাট করে পালিয়ে যায়।”
পরে চালক আরোহীদের নিয়ে মিরসরাই থানায় আসেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
