২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণহত্যার দায় অস্বীকারের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রলীগের মানববন্ধন

একাত্তরে গণহত্যার দায় অস্বীকার করার প্রতিবাদে পাকিস্তানের জাতীয় পতাকা ও সেদেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কুশপুতুল দাহ করেছে ছাত্রলীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 10:16 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

সোমবার নগরীর হালিশহর এলাকায় আন্তজার্তিক বাণিজ্য মেলার ফটকের সামনে এক মানববন্ধন শেষে এ পতাকা ও কুশপু্তুল দাহ করা হয়।

বাণিজ্য মেলায় বিভিন্ন পণ্যসম্ভার নিয়ে পাকিস্তানের একটি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। মানববন্ধনে প্ল্যাকার্ড হাতে ছাত্রলীগের কর্মীরা পাকিস্তানি পণ্য বর্জন করতে ক্রেতাদের আহ্বান জানান।

নগরীর হালিশহর থানা ছাত্রলীগ আয়োজিত এ কর্মসূচিতে সংহতি জানিয়ে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বক্তব্য রাখেন।

নুরুল আজিম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিজয়ের মাসে মেলায় পাকিস্তানি প্যাভিলিয়নকে পণ্য বিক্রির অনুমতি দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা করা হয়েছে।"

"পাকিস্তানি ওই প্যাভিলিয়নে মেলার আয়োজক বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়নি। শুধুমাত্র পাকিস্তানি পতাকা দিয়ে প্যাভিলিয়নটি সাজানো হয়েছে, যা সুস্পষ্টভাবে একটা জাতির সার্বভৌমত্বকে অবজ্ঞা করা।"

পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এই ছাত্রলীগ নেতা।

মানববন্ধনে নগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক আহমেদ পাভেল, যু্গ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মন ও সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক উপস্থিত ছিলেন।