২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু

বর্তমান প্রজন্মকে স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা দিতে চট্টগ্রামে শুরু হয়েছে ১১ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 09:07 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

সোমবার নগরীর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে 'ইতিহাস কথা কয়' শিরোনামে এ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

উদ্ধোধনীর বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছর পরেও আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে পারিনি।

"১৯৭৫ সালে জাতির জনককে হত্যার পর বাংলাদেশের শাসনব্যবস্থায় থাকা স্বাধীনতাবিরোধী শক্তি স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকাকে মুছে দেওয়ার অপচেষ্টায় ইতিহাস বিকৃতির আশ্রয় নিয়েছিল”। 

এ আলোকচিত্র প্রদর্শনী স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর মৌলিক ভূমিকা সম্পর্কে বর্তমান প্রজন্মকে স্পষ্ট ধারণা দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রদর্শনীর আলোকচিত্রে ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশিক শাসন, শোষণমুক্তির সংগ্রামে ভারতবাসীর বীরত্বগাঁথা, চট্টগ্রামের যুববিদ্রোহ, দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের ইতিবৃত্ত তুলে ধরা হয়।

এছাড়া পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রীয় শোষণ, বঞ্চনার বিরুদ্ধে রচিত মহান মুক্তিযুদ্ধের আখ্যান, ১৯৭৫ এ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ও পরিবর্তীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তসহ ইতিহাসের বাঁক বদলের যুগান্তকারী বিভিন্ন ঘটনা আলোকচিত্রে স্থান পায়।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল জলিল ও মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন।