২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবেশী ও পুলিশের তৎপরতায় রক্ষা পেল এক পরিবার

প্রতিবেশীর সহযোগিতা ও পুলিশের তৎপরতায় ডাকাতের কবল থেকে প্রাণে রক্ষা পেল বাঁশখালী উপজেলার এক পরিবার।

চট্টগ্রাম ব্যুরো

মোস্তফা ইউসুফ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 08:39 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

পুরনো খবর:

চট্টগ্রামে পুলিশ-ডাকাত গোলাগুলি, নিহত ১

ডাকাত সদস্যদের গুলিতে ওই পরিবারের সহযোগিতায় এগিয়ে যাওয়া দুই প্রতিবেশী ও দুই পুলিশ সদস্য আহত হন; পুলিশের পাল্টা গুলিতে মারা যায় ডাকাত দলের এক সদস্য।

বাঁশখালী উপজেলার পূর্ব গুনাগরী ইউনিয়নের আবদুর করিম হেলালের ঘরে রোববার রাত ১টার দিকে ডাকাত দল হানা দেয়।

হেলালের দুই ভাই সৌদি আরব ও কাতার প্রবাসী, যারা কিছুদিন আগে দেশে এসেছিলেন।

গৃহকর্তা হেলাল জানান, ডাকাত দলের হানা দেওয়ার ২০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

“রাত তখন ১টা, পরিবারের সবাই ঘুমালেও আমি বসে ছিলাম। হঠাৎ ছাদে কিছু একটার শব্দ পাই। তখনই সচেতন হই। ডাকাত দল দুই তলার ছাদের সিঁড়ি দিয়ে বাড়িতে ঢুকে পড়ে।

“প্রথমে নিচতলায় আমার মায়ের কক্ষে ঢুকে তাকে মারধর করে। মায়ের চিৎকারে পাশের কক্ষে থাকা ছোট ভাই আবদুর রহিম বেরিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাতরা।”

১০/১৫ জনের এই ডাকাত দল দুই ভাগে ভাগ হয়ে বাড়িতে হানা দেয় বলে জানান হেলাল।

তিনি বলেন, “নিচতলায় আমার ঘরের দরজায় ডাকাতরা আঘাত করতে থাকে। তখন আমি প্রতিবেশী শাহ আলমকে মোবাইলে ফোন দিয়ে আমাদের জীবন বাঁচানোর আকুতি জানাই।

“কিছুক্ষণ পরই দরজার ফাঁক দিয়ে ডাকাতরা ছররা গুলি করলে আমার ও স্ত্রীর শরীরে গুলি লাগে। এক পর্যায়ে দরজা ভেঙ্গে ঢুকে পাঁচ-ছয় জন মিলে আমাকে কোপাতে থাকে। এরপর ডাকতারা আমার হাত পা বেঁধে ফেলে।”

এর মধ্যেই পুলিশ ও কয়েকজন প্রতিবেশী ঘটনাস্থলে উপস্থিত হয় বলে জানান তিনি।  

বাঁশখালী থানার ওসি স্বপন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের টহল দল ছিল গুনাগরীতে। খবর পেয়েই তারা দ্রুত ওই বাড়িতে যায়। আমিও বৈলছড়ি এলাকা থেকে ছুটে আসি।”

পুলিশ ও প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের দিকে গুলি ছুড়তে শুরু করে।

পুলিশের পাল্টা গুলিতে আহত দুই জনের মধ্যে একজনকে কাঁধে করে ডাকাত দল পালিয়ে যায় বলে জানান হেলাল।

তিনি জানান, কিরিচের আঘাতে হেলালের ভাই রহিম মারা গেছে বলে মনে করেছিল ডাকাতরা। প্রতিবেশী আর পুলিশ এগিয়ে না এলে তাদের দুই ভাইকে ডাকাতের হাতে প্রাণ হারাতে হত।

তবে ডাকাত দল দ্বিতীয় তলায় থাকা তাদের আরেক ভাইয়ের কক্ষে যায়নি বলে জানান হেলাল।

তবে ডাকাতদের হাতে থাকা টর্চের তীব্র আলোয় তাদের কারো চেহারা দেখতে পারেননি বলেও জানান তিনি।

হেলালদের তিন ভাইয়ের মধ্যে ছোট দুই ভাই আবদুর রহিম সৌদি আরবে ও আবদুল লতিফ কাতার প্রবাসী। পাঁচ মাস আগে রহিম ও দুই মাস আগে লতিফ দেশে আসে।

তাদের তিন তলা বাড়ির দ্বিতীয় তলায় সদ্য বিবাহিত সবার ছোট লতিফ ও তার বউ, আর নিচ তলায় পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন বলে জানান আহত হেলাল।  

ডাকাতের গুলিতে আহত প্রতিবেশী আবদুল খালেক বলেন, “পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে বেরিয়ে হেলালের বাড়ির সামনে যাই। এসময় ডাকাতরা গুলি করলে আমার পায়ে লাগে।”