২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশ-ডাকাত গোলাগুলি, নিহত ১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গভীর রাতে ‘একদল ডাকাতের সঙ্গে’ পুলিশের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্রগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 11:07 AM

Updated : 22 Aug 2022, 02:10 PM

রোববার রাত সোয়া ১টার দিকে পূর্ব গুনাগরী ইউনিয়নে বেলাল মাস্টারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে বাঁশখালী থানার ওসি স্বপন মজুমদার জানান। 

নিহতের নাম পরিচয় জানাতে না পারলেও তাকে ডাকাত দলের সদস্য বলছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩২ বছর।

ওসি বলেন, ১০/১৫ জনের একটি ডাকাত দল রাতে আবদুল করিম হেলাল নামের স্থানীয় এক গৃহস্থের বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে হেলাল ও তার স্ত্রীসহ বাড়ির তিন সদস্য আহত হন।

“হেলালের বাসায় ডাকাত পড়েছে টের পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গেলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তারা পুলিশের দিকে গুলি করলে পুলিশও পাল্টা জবাব দেয়। অন্য ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়।”  

তিনি বলেন, ডাকাতের হামলা ও গোলাগুলির মধ্যে দুই পুলিশ, স্থানীয় দুই বাসিন্দাসহ মোট সাতজন আহত হন।

এদের মধ্যে আহত বাঁশখালী থানার এএসআই আশরাফ উল্লাহ ও কনস্টেবল আনোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত গৃহকর্তা হেলাল (৩৫) ও তার স্ত্রী ফারহানা সুলতানা পাখি (২৫), হেলালের ছোটভাই আবদুর রহিম (৩২) এবং দুই প্রতিবেশী মো. আবদুল খালেক (২৫) ও  শাহেদাকে (২৮)চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া।

ঘটনার পর হেলালের বাসায় ডাকাতদের ফেলে যাওয়া থেকে একটি এলজি ও গুলির খোসা পাওয়া যায় বলে জানান ওসি স্বপন।