চট্টগ্রামে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সৈয়দ জুবায়ের (৫৫) এর বাড়ি উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। তিনি কৃষি কাজ করতেন।
বোয়ালখালী থানার ওসি শামসুল ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার রাতে এক আত্মীয় বাড়িতে দাওয়াত খেয়ে সাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন জুবায়ের। কিন্তু অনেক রাতেও ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে।
সকালের দিকে বাড়ি থেকে কয়েকশ মিটার দূরের একটি পুকুরে তার লাশ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে পুলিশ কর্মকর্তা শামসুল বলেন, “ফেরার সময় পথের ধারের ওই পুকুরে পড়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুকুর পাড় থেকে তার সাইকেলটিও উদ্ধার করা হয়েছে। "
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, "পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
