গ্যাস সঙ্কটে চট্টগ্রামে জ্বলেনি চুলা
‘যান্ত্রিক কারণে’ চট্টগ্রামে গ্যাসের সরবরাহ কম থাকায় দিনভর চুলা জ্বলেনি বন্দর নগরীর অধিকাংশ ঘরে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থা চলার পর ধীরে ধীরে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিতরণ) আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই সমস্যার কারণ আশুগঞ্জে কম্প্রেসারে সমস্যা।
সকাল থেকে বিকাল পর্যন্ত কয়েকটি স্থানে টিম টিম করে চুলা জ্বললেও সেই আঁচে রান্না করা যায়নি বলে কয়েকজন গৃহিনী জানিয়েছেন।
মোমিন রোড, ঘাট ফরহাদবেগ, আসকার দিঘীর পাড়সহ কয়েকটি স্থানে গ্যাসের সরবরাহ থাকলেও তাতে রান্নার কাজ চলেনি।
দেওয়ানবাজার এলাকার বাসিন্দা সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বাসায় গ্যাস ছিল না। দোকানে নাস্তা কিনতে গিয়ে দেখি সেখানেও একই অবস্থা। অপেক্ষা শেষে ১১টার দিকে কলা, বিস্কুট আর পাউরুটি কিনে নিয়ে নাস্তা সেরেছি।”
চট্টগ্রাম ইপিজেড এলাকায় কর্মরত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী আরিফুর রহমান বলেন, “দুপুরে হোটেলে খেতে গিয়ে দেখি খাবার শেষ। পরে কয়েক হোটেল ঘুরে খাবার মিলেছে।”
গ্যাসের সরবরাহ বিঘ্নিত হওয়ায় গৃহস্থালির পাশাপাশি একটি সার কারখানাতেও কাঙ্ক্ষিত মাত্রায় গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক (বিতরণ) আজিজুল হক বলেন, “আশুগঞ্জে কম্প্রেসারে সমস্যার কারণে গত দুয়েকদিন ধরে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছিল। আজ বিকালের পর থেকে এ সমস্যা ধীরে ধীরে কাটিয়ে উঠছে।”
চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা ৪০০ মিলিয়ন ঘনফুটের মতো। কমপক্ষে ২৯০ মিলিয়ন ঘনফুট পেলে রেশনিং করে চাহিদা মেটানো সম্ভব হলেও এখন ২৫০ থেকে ২৮০ মিলিয়ন ঘনফুট পাওয়া যাচ্ছে বলে জানান আজিজুল।
তিনি বলেন, “সার কারখানা কাফকো চালু থাকলেও তাদের ৪৫-৫৫ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে দিতে পারছি ৪০-৪৫ মিলিয়ন ঘনফুট।”
গ্যাস সঙ্কট থাকলেও বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে তেমন সঙ্কট নেই বলে দাবি করেন পিডিবির চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাউজান বিদ্যুৎ কেন্দ্রের গ্যাসচালিত একটি কেন্দ্র চালু আছে। সেখানে গড়ে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
“তবে গ্যাসচালিত রাউজান-২ এবং শিকলবাহা ১৫০ ও ৬০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র দুটি বন্ধ। প্রয়োজনীয় গ্যাস পেলে এসব কেন্দ্র চালু হবে।”
