চট্টগ্রামে ১০ পৌরসভায় মেয়র প্রার্থী ৪৬, কাউন্সিলর ৪৭৩
চট্টগ্রামের ১০ পৌরসভায় মেয়র পদে ৪৬ জন এবং কাউন্সিলর পদে ৪৭৩ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত সময় শেষে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের এই সংখ্যা জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন।
চট্টগ্রাম জেলার ১০টি পৌরসভার প্রতিটিতে নয়টি করে মোট ৯০টি সাধারণ কাউন্সিলরের পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৩৮৭ জন।
সংরক্ষিত নারী কাউন্সিলরের তিনটি করে মোট ৩০টি পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন ৮৬ জন।
এছাড়া পাবর্ত্য চট্টগ্রামের পাঁচটি পৌরসভায় ২৫ জন মেয়র পদে, ১৯৮ জন কাউন্সিলর পদে এবং ৫০ জন নারী কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন।
নির্বাচন কর্মকর্তা বাতেন বলেন, কোথাও কোনো সমস্যা ছাড়াই প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাউজানে মনোনয়নপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, “কয়েকজন কাউন্সিলর প্রার্থী এমন অভিযোগ নিয়ে এসেছিলেন। এর সত্যতা পাওয়া যায়নি।
“তাদের বলেছি রিটার্নিং কর্মকর্তা ও থানার ওসির সঙ্গে যোগাযোগ করে পরে আমাকে জানাতে। পরে আর কেউ কোনো অভিযোগ করেনি।”
চট্টগ্রামের ১০টি পৌরসভার মধ্যে রাঙ্গুনিয়ার মেয়র পদে সর্বোচ্চ আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সন্দ্বীপে সর্বনিম্ন দুজন মেয়র পদে প্রার্থী হতে চান।
রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগে শাহজাহান সিকদার, বিএনপির মোহাম্মদ হেলাল উদ্দিন খান এবং ইসলামী ফ্রন্টের আবদুর রহমান জামী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আরও পাঁচ জন।
এই পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী হয়েছেন।
সন্দ্বীপে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাফর উল্লাহ টিটু ও বিএনপির প্রার্থী হিসেবে আজমত উল্লাহ বাহাদুর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এই পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং নারী কাউন্সিলর পদে সাতজন মনোনয়ন জমা দিয়েছেন।
পটিয়া পৌরসভায় আওয়ামী লীগের হারুনুর রশিদ, বিএনপির তৌহিদুল আলম ও জাতীয় পার্টির শামসুল আলমসহ মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৪৫ জন এবং নারী কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সীতাকুণ্ডে আওয়ামী লীগের বদিউল আলম, স্বতন্ত্র হিসেবে বর্তমান মেয়র শফিউল আলম, বিএনপির সৈয়দ আবুল মনসুর ও জাতীয় পার্টির নুরুন নবী ভুঁইয়াসহ মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে ৫২ জন এবং নারী কাউন্সিলর পদে সাতজন মনোনয়নত্র জমা দিয়েছেন।
রাউজান পৌরসভায় আওয়ামী লীগের দেবাশীষ পালিত ও বিএনপির পক্ষে বর্তমান মেয়র কাজী আবদুল্লাহ আল হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ দু’জন ছাড়াও আওয়ামী লীগে যুক্ত স্বপন কুমার দাশ, সাইফুল ইসলাম চৌধুরী, আনোয়ারুল ইসলাম ও মীর মোহাম্মদ মনছুর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাউজান পৌরসভায় কাউন্সিলর পদে ১৩ জন ও নারী কাউন্সিলল পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বাঁশখালীতে মেয়র পদে আওয়ামী লীগের সেলিমুল হক চৌধুরী, বিএনপির কামরুল ইসলাম হোসাইনী ও জাতীয় পার্টির ইব্রাহিম আল হোসাইন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এখানে সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী হয়েছেন।
বারৈয়ারহাটে আওয়ামী লীগের নিজাম উদ্দিন ও বিএনপির মঈন উদ্দিন লিটনসহ মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৪৪ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী হয়েছেন।
মিরসরাইয়ে আওয়ামী লীগের গিয়াস উদ্দিন ও বিএনপির রফিকুল ইসলাম পারভেজসহ মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৩৭ জন এবং নারী কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চন্দনাইশ পৌরসভায় আওয়ামী লীগের মাহবুবুল আলম ও এলডিপির মোহাম্মদ আইয়ুবসহ মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৪৩ জন ও নারী কাউন্সিলর পদে পাঁচ জন মনোনয়নপত্র জমা দেন।
সাতকানিয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মো. জোবায়ের, বিএনপির রফিকুল আলম ও জাতীয় পার্টির ইউসুফ চৌধুরী প্রার্থী হয়েছেন।
এখানে কাউন্সিলর পদে ৪০ জন ও নারী কাউন্সিলর পদে ছয়জন মনোনয়ন জমা দেন।
এদিকে পার্বত্য খাগড়াছড়ি সদর পৌরসভায় মেয়র পদে আট জন, কাউন্সিলর পদে ৪৭ ও নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৪৪ জন ও নারী কাউন্সিলর পদে আটজন প্রার্থী হয়েছেন।
বান্দরবান সদর পৌরসভায় মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৩০ জন ও নারী কাউন্সিলর পদে আটজন মনোনয়ন জমা দিয়েছেন।
বান্দরবানের লামা পৌরসভায় মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ২৯ জন ও নারী কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দেন।
রাঙ্গামাটি সদর পৌরসভায় মেয়র পদে আটজন, কাউন্সিলর পদে ৪৮ জন ও নারী কাউন্সিলর পদে সাতজন মনোনয়ন জমা দিয়েছেন।
