চট্টগ্রামে বিএনপি নেতা নবাব খান গ্রেপ্তার
নাশকতার মামলায় চট্টগ্রামে বিএনপির একটি ওয়ার্ড কমিটির সভাপতি নবাব খানকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বুধবার সন্ধ্যায় বাকলিয়া থানার ইসমাইল ফয়েজ রোড এলাকা থেকে এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।
নবার খান (৫০) নগরীর বাকলিয়া ওয়ার্ড দক্ষিণ বিএনপির সভাপতি। তার বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগ, নিম্ন আয়ের লোকজনকে নাশকতায় ব্যবহার করা এবং অস্ত্র সরবরাহসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা আছে বলে ওসি মহসিন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের সমন্বয়ে একটি দল অভিয়ান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
“দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে বাকলিয়া থানা এলাকায় বিভিন্ন নাশকতার ঘটনায় নবাব খানের ইন্ধন ছিল।”
নাশকতায় জড়িত অভিযোগে বিভিন্ন সময়ে গ্রেপ্তারদের জবানবন্দিতে তার নাম এসেছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
