২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা-মুজাহিদের সাজা কার্যকর চায় চট্টগ্রাম ছাত্রলীগ

প্রাণভিক্ষা নয়, অবিলম্বে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর ও জেলা ছাত্রলীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 06:59 PM

Updated : 22 Aug 2022, 02:00 PM

শনিবার নগরীর তিনপুলের মাথায় এক সমাবেশে বক্তারা এই দাবি তোলেন।

ছাত্রলীগ নেতারা বলেন, এই যুদ্ধাপরাধীরা কোনোভাবে পার পেয়ে গেলে এদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিস্মাৎ করে দিবে। আবারও সাম্প্রদায়িক শক্তির উর্বর ক্ষেত্রে পরিণত হবে এ দেশ।

বক্তারা সালাউদ্দিন কাদেরের মৃতদেহ চট্টগ্রামে না আনার দাবি জানিয়ে বলেন, চট্টগ্রামের মাটিতে যুদ্ধাপরাধীর কবর দিয়ে চট্টগ্রামবাসীকে চিরদিনের জন্য কলংকের অংশীদার করতে দেওয়া হবে না।

সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য মোশাবুল চৌধুরী হক পাভেলের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের নেতা সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মুমিনুল ইসলাম মুবিন, মহানগর ছাত্রলীগ নেতা রিমন ঘোষ, মনিরুজ্জামান, অমিত চক্রবর্তী ও মামুনুর রশিদ রায়হান।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক এই দুই মন্ত্রীর আইনি লড়াই চূড়ান্ত নিষ্পত্তির পর তাদের শেষ সুযোগ দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া।

শনিবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, দুই যুদ্ধাপরাধী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার করেছেন।

যদিও দুইজনের পরিবারের পক্ষ থেকেই দাবি করা হয়েছে, রাষ্ট্রপতির কাছে আবেদন করার বিষয়টি তারা সন্দিহান।