চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে দুটি কারখানা
চট্টগ্রামে আগুনে একটি রাবার ও একটি প্লাস্টিক কারখানা পুড়ে গেছে।
শুক্রবার বিকালে নগরীর পশ্চিম মাদারবাড়ি টং ফকিরের মাজার এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে একটি প্লাস্টিক ডাইং কারখানা এবং এর পাশের একটি রাবার কারখানা পুড়ে গেছে।
বেলা ৪টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।
আগুনে দুটি কারাখানার প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
