চট্টগ্রামে ডিএসকের বিশ্ব টয়লেট দিবস পালন
আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামে বিশ্ব টয়লেট দিবস পালন করল বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র’ (ডিএসকে)।
বৃহস্পতিবার নগরীর ডিসি হিলে ‘সুস্বাস্থ্যের জন্য উন্নত স্যানিটেশন’ শিরোনামে এ অনুষ্ঠান আয়োজন করে স্বাস্থ্য খাতের এ উন্নয়ন সংস্থাটি।
বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
আলোচনা সভায় বক্তারা বিভিন্ন রোগব্যাধী থেকে মুক্ত থাকতে উন্নত স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরেন। এ উদ্যোগে বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
‘দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের’ কার্যক্রম উন্নত স্যানিটেশন বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা।
আলোচনা সভায় অন্যদের মধ্যে কাউন্সিলর আবিদা সুলতানা ও শফিউল আলম শফি, চট্টগ্রাম ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী এজাজ রসুল, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা উজ্বল শিকদার, আরেফাতুল জান্নাত ও দিলীপ নারায়ণ দাশ অংশ নেন।
আলোচনা সভা শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন ৪৩টি পাবলিক টয়লেটের বর্তমান পরিস্থিতি আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়।
সবশেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন অপরাজেয় বাংলাদেশের শিশু শিল্পীরা।
