কোকেন কাণ্ড: সিঅ্যান্ডএফ কর্মকর্তা সাইফুল জামিনে মুক্ত
বলিভিয়া থেকে তেলের সঙ্গে মিশিয়ে কোকেন আনার ঘটনায় গ্রেপ্তার সিঅ্যান্ডএফ কর্মকর্তা সাইফুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন।
উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর বুধবার বিকালে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর বিকালে তাকে মুক্তি দেওয়া হয়।”
গত ১৪ জুলাই সিঅ্যান্ডএফ কর্মকর্তা সাইফুলকে (৩৬) গ্রেপ্তার করে পুলিশ। ২১ জুলাই তাকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৭ জুন চট্টগ্রাম বন্দরে থাকা একটি কনটেইনার আটক করে সিলগালা করে দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
ফাইল ছবি
প্রাথমিক পরীক্ষায় ১০৭টি ড্রামের তরল পরীক্ষা করে কোকেনের নমুনা ধরা পড়েনি। পরে সংগৃহীত নমুনা ঢাকার সায়েন্স ল্যাবরেটরি (বিসিএসআইআর) ও বাংলাদেশ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষা করালে একটি ড্রামে কোকেন পাওয়া যায়।
এ ঘটনায় ২৮ জুন চট্টগ্রাম নগরীর বন্দর থানায় আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও কর্মচারী গোলাম মোস্তফা সোহেলকে আসামি করে একটি মামলা হয়।
এ মামলায় গোলাম মোস্তফা সোহেল ছাড়াও গার্মেন্ট পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান খান, মোস্তফা কামাল, শিপিং এজেন্ট প্রতিষ্ঠান কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) এ কে আজাদ, আইটি বিশেষজ্ঞ মেহেদী আলম গ্রেপ্তার রয়েছেন।
