২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার জন্মস্থান রাউজানে আনন্দ মিছিল

রিভিউ আবেদন খারিজের মধ্য দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো আইনি বাধা না থাকায় এই যুদ্ধাপরাধীর জন্মভূমি চট্টগ্রামের রাউজানে আনন্দ মিছিল হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 08:57 PM

Updated : 12 Oct 2022, 04:29 PM

আপিল বিভাগ বুধবার রিভিউ আবেদন খারিজের আদেশ দেওয়ার পর রাউজান পৌরসভা সদরে আনন্দ মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা।

রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম বেবী বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “মাস্টার দা’র (সূর্যসেন) জন্মস্থান রাউজানের সন্তান হিসেবে আমাদের যেমন গর্ব ছিল, তেমনি যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্মস্থান হিসেবে অমাদের মধ্যে কিছুটা ক্ষোভ ছিল।

“রায় কার্যকর হলে সে ক্ষোভ লাঘব হবে।”

Image
রাউজানে একাত্তরে নির্যাতিতদের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাউজানে একাত্তরে নির্যাতিতদের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সালাউদ্দিনের যুদ্ধাপরাধ মামলার সাক্ষী ও ১০ নম্বর পূর্ব গুজরার চেয়ারম্যান আব্বাস উদ্দিন বলেন, “সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকা বড় পাওয়ার মধ্যে একটি। এই রায় কার্যকর হলে নতুন প্রজন্ম কলঙ্কমুক্ত হবে।”

রিভিউ আবেদন খারিজের পর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে ঊনসত্তর পাড়ার স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের স্মরণ করা হয়েছে বলে জানান মুক্তিযোদ্ধা আব্বাস।

তবে আগের মতো এবারো একাত্তরে সাকা চৌধুরীর ত্রাসের সাক্ষী রাউজানের জগৎমল্ল পাড়া ও কুণ্ডেশ্বরী এলাকার সাধারণ জনগণ এবং একাত্তরে নিযার্তিত ও শহীদ পরিবারের সদস্যরা কোনো কথা বলতে চাননি।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাকার মৃত্যুদণ্ডের রায় এবং আপিলের রায়ে সর্বোচ্চ শাস্তি বহাল থাকার পরেও তারা কোনো প্রতিক্রিয়া জানাননি।

Image
রাউজানে একাত্তরে নির্যাতিতদের এলাকায় পুলিশ মোতায়েন।

রাউজানে একাত্তরে নির্যাতিতদের এলাকায় পুলিশ মোতায়েন।

এ সময়গুলোতে রাউজানে সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের কোনো তৎপরতাও ওই এলাকায় দেখা যায়নি।

এবারো যাতে ওই সব এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে রাউজান থানার ওসি প্রদীপ দাশ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুন্ডেশ্বরী, জগৎমল্লপাড়া ও ঊনসত্তর পাড়াসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

স্বাধীনতার পর চট্টগ্রামের রাউজান এলাকা থেকে বেশ কয়েক দফা সাংসদ নির্বাচিত হন সালাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা।