২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে ১২টি জাহাজকে জরিমানা

কর্ণফুলী নদীতে বন্দরের চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলাচল করায় এবং সনদ না থাকায় ১২টি লাইটার জাহাজকে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 07:35 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

বুধবার বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেম এ অভিযান পরিচালনা করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এবং প্রয়োজনীয় বিভিন্ন সনদ না থাকায় এ জরিমানা করা হয়েছে।

“এছাড়া দুটি জাহাজের কাছ থেকে বন্দর চ্যানেল ব্যবহারের বকেয়া ভাড়া বাবদ মোট ১ লাখ ৯১ হাজার ২৫০ টাকা আদায় করা হয়েছে।”

যেসব জাহাজকে জরিমানা করা হয়েছে সেগুলোর মধ্যে এমভি বিউটি অব মতলবকে সর্বোচ্চ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া এমভি আসাদ-২ ও এমবি গুলশানকে ৪০ হাজার টাকা করে এবং ওটি তূর্ণা, এমভি আসিয়া খাতুন, এমভি আল ইত্তেহাদ, এমভি এসই ট্রান্সপোর্ট এবং এমটি সিটি-৮ কে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এমভি মিমতাজ-২ ও এমভি শাহাদাত-১ কে ২০ হাজার টাকা করে এবং ভলগেট হাজী জানে আলমকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ওটি তূর্ণার কাছ থেকে বকেয়া এক লাখ চার হাজার ২৫০ টাকা ও এমভি বিউটি অব মতলবের কাছ থেকে ৮৭ হাজার টাকা আদায় করা হয়।