২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াত অফিসে তল্লাশি, আটক ৪

যুদ্ধাপরাধে সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত আলী আহসান মুজাহিদের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের আদেশের আগের দিন চট্টগ্রামে জামায়াতে ইসলামীর কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 12:27 AM

Updated : 12 Oct 2022, 04:29 PM

মঙ্গলবার রাতে নগরীর দেওয়ান বাজার এলাকায় ওই অফিসে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর-পশ্চিম) নাজমুল হাসান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিভিউর আদেশকে কেন্দ্র করে ‘আগাম সতর্কতার’ অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।”

রাত ৯টার থেকে ১০টা পর্যন্ত অভিযানে জামায়াতের অফিসের বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে ‘আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মুক্তি পরিষদ’র নামে যুদ্ধাপরাধী মুজাহিদের মুক্তির দাবি সম্বলিত বিভিন্ন ধরনের প্রচারপত্র, দেলাওয়ার হোসাইন সাঈদীর বইসহ দেশি-বিদেশি বিভিন্ন ধরনের বইও উদ্ধার করে পুলিশ।

গোয়েন্দাদের সঙ্গে কোতোয়ালি থানা পুলিশও এ অভিযানে অংশ নেয়।

রাতে আরও কয়েকটি জায়গায় অভিযান চালানো হবে বলে পুলিশ কর্মকর্তা নাজমুল জানান।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি হয়েছে মঙ্গলবার।

এ বিষয়ে বুধবার আদেশের দিন রেখেছে আদালত। ওই দিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি হওয়ার কথা।

রিভিউ শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

পুলিশি অভিযানের পাশাপাশি নগরীতে কয়েকদিন ধরে পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ

অভিযান চলছে।