২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিগ্রি পাস করে ডাক্তারি, সাজা

ওষুধ বিক্রেতা থেকে চিকিৎসক সেজে বসা এক প্রতারককে মুচলেকাসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 06:33 PM

Updated : 12 Oct 2022, 04:28 PM

ঢাকার একটি কলেজ থেকে ডিগ্রি পাস করা কামরুল ইসলাম (৪৫) ছিলেন নগরীর একটি ফার্মেসির ওষুধ বিক্রেতা।

পরে বছর খানেক ধরে চিকিৎসক সেজে জনসাধারণকে ‘চিকিৎসা’ দিচ্ছিলেন তিনি।

এছাড়া বিক্রি নিষিদ্ধ সরকারি ওষুধ ও ভারতীয় আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি করা এবং সনদ না থাকসহ বিভিন্ন অপরাধে আরও ছয়টি ফার্মেসিকে জরিমানা করে আদালত।

মঙ্গলবার নগরীর বায়েজিদ থানার বাংলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

মেজিস্ট্রেট রুহুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বছর খানেক ধরে কামরুল চিকিৎসক সেজে প্রতারণা করছিলেন। মুচলেকা দিয়ে আর কখনো মানুষের সঙ্গে প্রতারণা করবেন না বলে জানিয়েছেন তিনি। তিনি মুচলেকায় বলেন, চিকিৎসক না হয়েও চিকিৎসক পরিচয় দেওয়া তার অপরাধ হয়েছে।”

মুচলেকা গ্রহণের পর কামরুলের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলেও জানান তিনি।

একই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিক্রি নিষিদ্ধ সরকারি ওষুধ ও ভারতীয় আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি করায় মীরা মেডিকেল হলের মালিক ঝন্টু দেকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভারতীয় ওষুধ ও ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি করায় মেসার্স বাবা মালেক শাহ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানাও করে আদালত।

এসময় সনদ না থাকায় নির্ঝর মেডিকেল হল, পপুলার ফার্মেসি, শাহ আমানত ফার্মেসি এবং কাদেরীয়া ফার্মেসিকে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি সনদ গ্রহণ না করা পর্যন্ত দোকান চারটি বন্ধ রাখার নির্দেশও দেয় আদালত।