২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা-মুজাহিদের রিভিউ শুনানি: চট্টগ্রামে নিরাপত্তা জোরদার

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 07:19 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য জানান, কোনো ধরনের নাশকতা যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।  

নগরীর চান্দগাঁও থানার মোহরা, বায়েজিদ থানার অক্সিজেন, আকবরশাহ থানার সিটি গেইট ও বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় স্থায়ী চারটি চেকপোস্ট রয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রায়াত্ব তেল শোধনাগার পদ্মা, মেঘনা, যমুনা ও ইস্টার্ন রিফাইনারিতে ইসলামী ছাত্রশিবিরের হামলার পরিকল্পনা ফাঁসের পর সিমেন্ট ক্রসিং ও গুপ্তখাল এলাকায় আরও দুটি চেকপোস্ট বাড়ানো হয়েছে।

নির্দিষ্ট এসব চেকপোস্টের পাশাপাশি বিভিন্ন এলাকায় প্রতি ঘণ্টা পরপর তল্লাশি চৌকি বসানোর জন্য থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে নগর পুলিশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

Image
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘বহিরাগতরা’ নগরীতে প্রবেশ করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা যাতে সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ সজাগ দৃষ্টি রেখেছে।

“চেকপোস্টে মোটর সাইকেল, অটোরিকশা এবং যানবাহন তল্লাশি করার পাশাপাশি কাউকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে।”

মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের। ওই রায় পর্যালোচনার যে আবেদন তারা করেছেন, তারই শুনানি হবে মঙ্গলবার।

গত নবম সংসদে চট্টগ্রামের ফটিকছড়ি আসনের সাংসদ ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতায় তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে আদালতের বিচারে উঠে এসেছে।  

এর আগে যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী, কাদের মোল্লা ও মো. কামরুজ্জামানের রায়ের পর চট্টগ্রামে জামায়াত-শিবির কর্মীরা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। সে সময় পুলিশসহ বেশ কয়েকজন নিহতও হয়।

পুরনো খবর:

সাকা ও মুজাহিদের রিভিউ শুনানি ১৭ নভেম্বর