বিদ্যুৎ বিল বকেয়া: চট্টগ্রামে ২ প্রতিষ্ঠান ও ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা
সাড়ে ১৩ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় দুই প্রতিষ্ঠান ও ছয় ব্যক্তির বিরুদ্ধে আটটি মামলা ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পিডিবির ভ্রাম্যমাণ আদালত।
নগরীর বেপারিপাড়া, গুলবাগ, শান্তিবাগ, ছোটপুল পুলিশ লাইন, হাজীপাড়া ও পানওয়ালা পাড়ায় চালানো এ অভিযানের নেতৃত্ব দেন পিডিবির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দিন।
রোবাবার পিডিবি চট্টগ্রাম অঞ্চলের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন- সাড়ে চার লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৪ নম্বর সড়কের বাসিন্দা মিনহাজুল ইসলাম। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
তিন লাখ ৩৯ হাজার টাকা বকেয়া থাকায় পানওয়ালা পাড়ার শফিকুল ইসলাম, এক লাখ চার হাজার টাকা বকেয়া থাকায় হাজীপাড়া এলাকার বেলায়েত হোসেন, ৮১ হাজার টাকা বকেয়া থাকায় একই এলাকার মো. তাজের বিরুদ্ধে মামলা করা হয়।
৯০ হাজার টাকা বকেয়া থাকায় গুলবাগ আবাসিক এলাকার জিয়াউদ্দিন চৌধুরী বিরুদ্ধে মামলা এবং অবৈধ সংযোগ ব্যবহারের অপরাধে শান্তিবাগ আবাসিক এলাকার হুসনাতুল কবিরের বিরুদ্ধে মামলার পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা জরিমানাও করে আদালত।
এছাড়া এক লাখ ২৪ হাজার টাকা বকেয়া থাকায় পুলিশ লাইন এলাকার হারামইন ইলেকট্রিক ও বেপারিপাড়ার সাইফুল অটোরিকশা গ্যারেজের এক লাখ ৭৯ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মামলা করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
