সেনাবাহিনীর জন্য সংরক্ষিত ওষুধ খোলা বাজারে
চট্টগ্রামে ভেজাল ওষুধের বিরুদ্ধে চলমান অভিযানে এবার খোলা বাজারে সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত বিক্রয় নিষিদ্ধ ওষুধ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকার ‘রাজ মেডিকো’ থেকে এসব ওষুধ উদ্ধার করা হয় বলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি ওষুধ পাওয়ার পাশাপাশি রাজ মেডিকোতে এমন ওষুধ পাওয়া গেছে যেগুলোর গায়ে ‘সশস্ত্র বাহিনীর ওষুধ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ’ লেখা আছে।”
অভিযানে রাজ মেডিকোকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সরকারি ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও ফুড সাপ্লিমেন্ট বিক্রির অপরাধে বন্দরটিলা এলাকার গৌতম ফার্মেসিকে ১৫ হাজার টাকা ও পিপলস ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান রুহুল আমিন।
