সাকা-মুজাহিদকে বাঁচাতে হত্যাকাণ্ড: অনুপম সেন
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিচার ঠেকাতে স্বাধীনতাবিরোধীরা দেশে হত্যাকাণ্ড ও গুপ্ত হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজবিজ্ঞানী অনুপম সেন।
শনিবার সেক্টর কমান্ডারস ফোরামের আযোজনে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অনুপম সেন একথা বলেন।
তিনি বলেন, “মুক্তমনা ব্লগার ও পুলিশ হত্যাকাণ্ডসহ সারা দেশে যেসব গুপ্তহামলা চলছে সেগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের বাঁচাতে জামায়াত-শিবির ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীই এসব হামলা চালাচ্ছে।”
১৯৭২ সালের সংবিধানের চার মূল নীতির ভিত্তিতে দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান প্রবীণ এই অধ্যাপক।
সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যৌথভাবে সমাবেশের আয়োজন করে।
ফোরামের চট্টগ্রাম মহানগরের সভাপতি নুরুল আলম মন্টু বলেন, “বিশ্বের কোনো দেশেই যুদ্ধাপরাধীদের ফাঁসি হওয়ার পর লাশ তার পরিবারের কাছে ফেরত দেওয়া হয় না।
“সরকারের কাছে আমাদের অনুরোধ যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়ার পর তাদের লাশগুলোকে ঢাকায় কোনো একটি জায়াগায় একসাথে কবর দিয়ে সেখানে ঘৃণাস্তম্ভ তৈরি করা হোক, যাতে সেখানে গিয়ে যুদ্ধাপরাধীদের প্রতি ঘৃণাভরে থু থু মারতে পারি।”
ফোরামের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দীকির সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনটির বিভাগীয় সদস্য সচিব বেদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. মো. সেকান্দর চৌধুরী, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বক্তব্য রাখেন।
