২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসি হিলে আনন্দ ছড়াল নবান্ন উৎসব

গান, নাচ, আবৃত্তির সঙ্গে মুড়ি-মুড়কি আর পিঠাপুলিতে রসনার তৃপ্তি- এমনই সব আয়োজনে প্রথমবারের মতো বন্দরনগরীতে হয়ে গেল নবান্ন উৎসব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 08:26 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

শনিবার বিকালে নগরীর ডিসি হিল মেতেছিল নবান্ন উৎসবে।

পটিয়ার মনা দাস, সাতকানিয়ার আবদুল আলম ও খায়ের আহমদ- এই তিন কৃষকের হাতে উদ্বোধন হয় উৎসবের। এসময় ঢোল বাজিয়ে অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলেন বাবুল জলদাস ও তার দল।

এরপর অতিথিরা তিন কৃষককে গামছা পরিয়ে দিয়ে শুভেচ্ছা জানান। আনুষ্ঠানিক উদ্বোধনের পর মঞ্চে নৃত্য পরিবেশন করে ‘নিষ্পাপ’ অটিজম স্কুলের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব রুবেল দাশ প্রিন্স বলেন, “ইট-কাঠের শহরে নানা ব্যস্ততায় আমরা বাংলার প্রকৃত কৃষিজ সংস্কৃতি ও ঐতিহ্যের অনেক কিছু ভুলতে বসেছি। তাই শিশু-কিশোরদের জন্য প্রথমবারের মত নবান্ন উৎসবের আয়োজন করেছে শিশুদের সাংস্কৃতিক জগত ‘শিশুমেলা’।”

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, “তিন হাজার বছর বাংলা ছিল ভিনদেশী শাসকদের দখলে। তাই আমাদের গোলাভরা ধান আর গোয়ালভরা গরুর অনেককিছুই হারিয়ে গিয়েছিল। সবই আবার ফিরে আসছে।

“নতুন প্রজন্ম বাংলার কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি ও সত্য জানলেই ভবিষ্যতের বাংলাদেশ হবে সোনার বাংলা।”

উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রীতা দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ফেরদৌস আলম। বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক কাউন্সিলর শৈবাল দাশ সুমন ও গণজারগরণ মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক শরীফ চৌহান।

কঙ্কন দাশ ও আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করে খেলাঘর চট্টগ্রাম মহানগরী, অভ্যুদয় সঙ্গীত অঙ্গন ও চারুতা সঙ্গীত একাডেমি।

দলীয় নৃত্য পরিবেশন করে সুরাঙ্গন বিদ্যাপীঠ, চারুতা নৃত্যকলা একাডেমি  ও নৃত্য নিকেতন।

দলীয় আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন ও তারুণ্যের উচ্ছ্বাস। মূকাভিনয়ে ছিল প্যান্টোমাইম মুভমেন্ট সেন্টার।

একক সঙ্গীত পরিবেশন করেন শান্তনু বিশ্বাস, লাকী দাশ, সীমা দাশ, কান্তা দে, সুপর্ণা রায় চৌধুরী, আকলিমা মুক্তা, গীতা আচার্য্য, মিন্টু বসাক ও বৈশাখী নাথ।

উৎসব প্রাঙ্গনে অতিথিদের খই দিয়ে আপ্যায়ণ করা হয়। ছিল পিঠাপুলির স্টলও।