২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে আ. লীগের সভায় উত্তেজনা

জামায়াত-সংশ্লিষ্টতা নিয়ে দোষারোপের জের ধরে চট্টগ্রামে জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 07:23 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

শনিবার নগরীর টেরিবাজারের নিজস্ব কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ঘটনা ঘটে বলে বৈঠকে উপস্থিত কয়েকজন নেতার কাছ থেকে জানা গেছে।

তারা বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুজিবুল হক বক্তব্যের এক পর্যায়ে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর জামায়াত-সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ করেন। তখন মোস্তাফিজুরও একই অভিযোগ মুজিবুলের বিরুদ্ধে তুলে ‘বেয়াদপি’ না করার জন্য শাসিয়ে দেন।

ওই সময় কার্যালয়ের বাইরে অপেক্ষমান দুই নেতার অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। 

জানতে চাইলে মুজিবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংবাদযোগ্য তেমন কিছু হয়নি। আমি কিছু বক্তব্য দিয়েছি, যা উনার (সাংসদ) পছন্দ হয়নি। এগুলো খুব স্বাভাবিক ঘটনা। রাজনীতি করতে গেলে হয়ে থাকে।”

সাংসদ মোস্তাফিজুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন উত্তেজনা সৃষ্টির খবর নাকচ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনে পৌরসভার নির্বাচন। তাই কেন্দ্রের নির্দেশ অনুসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বর্ধিত সভায় আলোচনা হয়েছে।

“কার্যালয়ের বাইরে প্রার্থীদের পক্ষে-বিপক্ষে কিছু স্লোগান হয়েছে।”