চট্টগ্রামে নারী গার্মেন্টকর্মীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
চট্টগ্রামের ইপিজেড এলাকায় নিজের ঘর থেকে এক নারী গার্মেন্টকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে চারটার দিকে ওই এলাকার মোহাম্মদপুরের একটি টিনশেড বাসা থেকে নাদিরা বেগম (২৫) নামে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয় বলে ইপিজেড থানার এসআই মো. কিবরিয়া জানিয়েছেন ।
এ ঘটনায় নাদিরার স্বামী আল-আমিনকে খোঁজা হচ্ছে বলে জানান তিনি।
নিহত নাদিরা হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের বাসিন্দা।
এই দম্পতি গার্মেন্টে কাজ করতেন বলে জানান এসআই কিবরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাসার দরজার তালা ভেঙ্গে নাদিরার লাশ উদ্ধার করা হয়।
“মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে সকালের দিকে স্ত্রীকে হত্যার পর আল-আমিন পালিয়েছে,” বলেন এসআই কিবরিয়া।
লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
