২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘নাশকতার বৈঠক’: জামায়াত-শিবিরের ৮ জন গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বাইরে থেকে এসে ‘নাশকতার পরিকল্পনার জন্য গোপন বৈঠকের’ সময় জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের আট নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 05:24 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

চট্টগ্রামের এএসপি (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলপুর মাদ্রাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে কারও নাম পরিচয় জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ‘নাশকতার’ পরিকল্পনার জন্য জামায়াত-শিবির কর্মীরা বাইরে থেকে এসে  সাতকানিয়ায় ‘গোপন’ বৈঠক করছে- এমন খবর পেয়ে রসুলপুর মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়।

এএসপি এমরান বলেন, ”গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন কক্সবাজারের বলে নিশ্চিত হওয়া গেছে। ওই ব্যক্তি স্থানীয় জামায়াত-শিবির কর্মীদের সংগঠিত ও প্রশিক্ষণ দিতে এসেছে বলে ধারণা করা হচ্ছে ।”

গ্রেপ্তারকৃতদের বিষয়ে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে বলে সাতকানিয়া থানার ওসি খন্দকার ফরিদউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।