২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাল নোটসহ যুবক আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা থেকে জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতাল ফাঁড়ি পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 11:00 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

আটক জিয়াউল হক সুমন (২০) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকিরচর এলাকার শাহ আলমের ছেলে।

বুধবার সন্ধ্যায় হাসপাতালের পূর্ব গেইট থেকে তাকে আটক করা হয় বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইন-চার্জ এসআই জহিরুল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার সুমনের কাছ থেকে ১৫টি পাঁচশ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।”  

এসআই জহিরুল জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপাতালের পূর্ব গেইটে কলা কিনে বিক্রেতাকে পাঁচশ টাকার নোট দেয় সুমন। এ সময় সন্দেহ হলে বিক্রেতা পুলিশ ডেকে সুমনকে ধরিয়ে দেয়।

পরে তার দেহ তল্লাশি করে আরও ১৪টি পাঁচশ টাকার জাল নোট পায় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন নগরীর দুই নম্বর গেইট এলাকার জাল নোট সরবরাহের সঙ্গে জড়িত রবিন নামে একজনের অধীনে কাজ করে বলে জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা জহিরুল বলেন, সুমনকে থানায় হস্তান্তর করা হবে।