২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি’র সাত কর্মকর্তার কাছে চাঁদা দাবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) রাজস্ব বিভাগের সাত কর্মকর্তার কাছে চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 10:57 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

মঙ্গলবার দুপুরের দিকে টেলিফোনে ‘পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি’ ও ‘সর্বহারা পার্টি’র নেতা পরিচয়ে এ হুমকি দেওয়া হয় বলে তারা জানিয়েছেন।

সিসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক, কর কর্মকর্তা জসীম উদ্দিন, উপ-কর কর্মকর্তা দিদারুল আলম, ইয়াসিন চৌধুরী, জানে আলম, রমিজুল হক ও ওসমান গণির কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে তারা জানিয়েছেন।

হুমকির কথা জানিয়ে দিদারুল ও জসীম এরইমধ্যে কোতোয়ালি থানায় জিপি বলে থানার

এসআই জাহেদুল কবির জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা হুমকির বিষয়ে অবগত হয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।”

উপ-কর কর্মকর্তা দিদারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা পরিচয় দিয়ে ফোনে একজন চাঁদা দাবি করে হুমকি দেয়। কিন্তু কত টাকা, কোথায় দিতে হবে সে বিষয়ে কিছু বলেনি।

“আমাদের আরও কয়েকজনকে একই রকম হুমকি দেওয়া হয়েছে। আমি বিকালে থানায় জিডি করেছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক রাজস্ব সার্কেল তিনের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে (01990 860647) নম্বর থেকে ফোন করে সর্বহারা পার্টির প্রধান বিপ্লবের সঙ্গে কথা বলতে বলা হয়।

“বিপ্লব পরিচয় দেওয়া ওই ব্যক্তি চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেন।”

একসঙ্গে রাজস্ব সার্কেলের কর্মকর্তাদের হুমকি দেওয়ার পিছনে সিটি করপোরেশনের  কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।