২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১১ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চট্টগ্রাম নগরীতে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট জব্দের পর ১১ ফার্মেসিকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 07:58 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

মঙ্গলবার নগরীর জামালখান, খাজা রোড, নতুন ব্রিজ এলাকা ও এয়াকুব নগরে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন নেতৃত্ব দেন।

ম্যাজিস্ট্রেট আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি ওষুধ বিক্রির অপরাধে এয়াকুব নগর এলাকার এসজিএস ফার্মেসিকে এক লাখ টাকা ও মা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার জয় ফার্মেসি থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করে সেটি সিলগালা করে দেওয়া হয়।

তিনি বলেন, বিক্রয় নিষিদ্ধ ফুড সাপ্লিমেন্ট ও অননুমোদিত ভারতীয় ওষুধ বিক্রি করায় জামালখান এলাকার ‘ড্রাগ হাউজকে’ ১০ হাজার টাকা, মণীষা ফার্মেসিকে পাঁচ হাজার ও জনসেবা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে চান্দগাঁও এলাকার এম আহম্মদ ফার্মেসিকে ১০ হাজার টাকা, জয়নব মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা ও রহমানিয়া ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে ফিজিসিয়ান স্যাম্পল খুলে ‘নিজস্ব কায়দায়’ প্যাকেটজাত করে বিক্রি করায় খাঁজা রোড এলাকার পপুলার ফার্মেসিকে পাঁচ হাজার টাকা ও নতুন ব্রিজ এলাকার কাজী ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান রুহুল আমিন।

পুরনো খবর:

পঞ্চম শ্রেণি পাশ ‘ডাক্তার’, ‘বিশেষজ্ঞ’ মা ও শিশু রোগে